মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
মঙ্গলবার ২৯, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
সংগৃহীত
সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা সবাই চোখ-কান খোলা রাখুন, সাবধানতা অবলম্বন করুন। নিষিদ্ধ সংগঠন বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। কঠোর হস্তে সবকিছু সামলাতে হবে। কুলাউড়ার মাটি যেন স্বৈরাচার মুক্ত থাকে।
লন্ডন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমনই কঠোর বার্তা দিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু। আজ সোমবার বিকেলে দেওয়া তার এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয় এবং কুলাউড়ার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ওই পোস্টে এমপি শকু নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়ে বলেন, একটি নিষিদ্ধ সংগঠন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য গোপনে তৎপরতা চালাচ্ছে। তাদের যেকোনো অপতৎপরতা কঠোর হস্তে দমন করতে হবে।
তিনি আরও বলেন, কুলাউড়ার মাটিতে কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। বিগত দিনের মতো ভবিষ্যতেও কুলাউড়াকে স্বৈরাচার মুক্ত রাখতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।
লন্ডনে অবস্থান করলেও তিনি সার্বক্ষণিক কুলাউড়ার খোঁজখবর রাখছেন বলে জানান এমপি।
এমপির এই হুঁশিয়ারির পর কুলাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সতর্কতা জারি হয়েছে। অনেকেই মনে করছেন, সম্প্রতি বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টার প্রেক্ষিতেই এমপি এই কঠোর বার্তা দিয়েছেন।