মঙ্গলবার ১৫, সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার ১৫, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

এসপি-ওসির নামে হোয়াটসঅ্যাপে চাঁদা দাবি, ব্যবসায়ীদের সতর্ক করলো জেলা পুলিশ

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম

সংগৃহীত

 

জেলা পুলিশ সুপার (এসপি) ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র নাম, ছবি ও পদবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পুলিশ বক্স স্থাপনে সহায়তার কথা বলে ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অর্থ চাচ্ছে একটি প্রতারক চক্র।

 

সোমবার সন্ধ্যায় এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে মৌলভীবাজার জেলা পুলিশের গণমাধ্যম শাখা।

  

জেলা পুলিশ সূত্র জানায়, সম্প্রতি জেলার একাধিক ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রতিনিধির হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে। 

 

কখনো পুলিশ বক্স স্থাপনে সহায়তার কথা বলে, আবার কখনো পুলিশের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে টাকা দাবি করা হচ্ছে। এসব বার্তায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানার ওসিদের আসল *নাম, ছবি ও পরিচয় ব্যবহার করছে চক্রটি।

 

পুলিশের ধারণা, সংঘবদ্ধ একটি চক্র পরিকল্পিতভাবে কর্মকর্তাদের পরিচয় নকল করে এই প্রতারণা চালাচ্ছে।

 

চক্রের সদস্যদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

 

পুলিশের ৪ দফা নির্দেশনা: 

প্রতারণার ফাঁদ থেকে রক্ষা পেতে মৌলভীবাজার জেলা পুলিশ সবাইকে নিম্নোক্ত নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে:

 

1. টাকা দেবেন না: কোনো পুলিশ বা প্রশাসনিক কর্মকর্তার পরিচয়ে হোয়াটসঅ্যাপ, ফোনকল বা সোশ্যাল মিডিয়ায় অর্থ/চাঁদা চাইলে কোনোভাবেই টাকা দেবেন না।

2. যাচাই করুন: এ ধরনের বার্তা বা কল পেলে সংশ্লিষ্ট থানার ওসি অথবা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সরাসরি যোগাযোগ করে পরিচয় ও দাবির সত্যতা যাচাই করুন।

3. প্রমাণ সংরক্ষণ করুন: প্রতারণামূলক বার্তার স্ক্রিনশট, ব্যবহৃত মুঠোফোন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করুন।

4. অভিযোগ করুন: কেউ প্রতারণার শিকার হলে বা এমন বার্তা পেলে দ্রুত নিকটস্থ থানায় অভিযোগ করুন।

 

পুলিশের সতর্কবাণী:

জেলা পুলিশ বলছে, কর্মকর্তার নাম, ছবি বা পদবি ব্যবহার করলেই কোনো ব্যক্তিকে প্রকৃত কর্মকর্তা হিসেবে ধরে নেওয়া যাবে না। আর্থিক লেনদেনের আগে অবশ্যই পরিচয় ও দাবির সত্যতা যাচাই করতে হবে। বিভ্রান্তিকর বার্তায় সাড়া না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা।

 

 

Link copied!