রবিবার ১৩, সেপ্টেম্বর ২০২৬

রবিবার ১৩, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

ইনোভেশন ফেয়ারে বেরোবির ৪ উদ্ভাবনী গবেষণা প্রকল্প

তারেক পাশার সৌরভ,বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ অংশ নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকালে ঢাকার নভোথিয়েটারে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) এ মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী দেশীয় গবেষণা ও মেধাভিত্তিক উদ্ভাবনগুলোকে কেবল ল্যাবরেটরিতে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিকভাবে উৎপাদনে রূপান্তর এবং সরাসরি মূলধারার বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থী ও গবেষকদের প্রকল্প প্রদর্শন করেন। এ সময় উপাচার্য বলেন, “আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সবসময় বদ্ধপরিকর। ল্যাবরেটরির নতুন নতুন আবিষ্কার যখন বাণিজ্যিক বাজারে জায়গা পাবে, তখনই দেশের সার্বিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত সমৃদ্ধি ত্বরান্বিত হবে। এই ইনোভেশন ফেয়ার আমাদের তরুণ গবেষকদের জন্য নতুন সম্ভাবনা ও নেটওয়ার্ক তৈরির অনন্য সুযোগ।”

রাজধানীর নভোথিয়েটারে অনুষ্ঠিত এ মেলায় বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও গবেষকদের নির্বাচিত ৪টি উদ্ভাবনী গবেষণা প্রকল্প প্রদর্শন করা হচ্ছে। প্রকল্পগুলো হলো: ১.  Silocon based perovskite solar cells,  ২.  Agritrace BD , ৩.  Carbon Setu  ও  ৪.  Deshguard AI  ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেরোবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মোঃ এমদাদুল হক এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান।

Link copied!