রবিবার ১৩, সেপ্টেম্বর ২০২৬

রবিবার ১৩, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল  হনুমানের

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ এএম

সংগৃহীত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত একটি মুখপোড়া হনুমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার ১১ সেপ্টেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ নং পুল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ:

প্রত্যক্ষদর্শী ও সিএনজি চালক অখিল মালাকার জানান, মহাসড়ক পারাপারের সময় হনুমানটি গাড়ির ধাক্কায় আহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকে। তিনি তাৎক্ষণিকভাবে আহত প্রাণীটির মুখে পানি দেন এবং বাঁচানোর চেষ্টা করেন। একইসাথে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। তারা আহত হনুমানটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান।

  
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে হনুমানটিকে মৃত ঘোষণা করেন। 

পরবর্তীতে মৃত মুখপোড়া হনুমানটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

  
পরিবেশকর্মীরা বলছেন, ঢাকা-সিলেট মহাসড়কটি লাউয়াছড়া ও রাজকান্দি রিজার্ভ ফরেস্টের পাশ দিয়ে গেছে। ফলে প্রায়ই বন্যপ্রাণী সড়ক পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয়। 

তারা মহাসড়কে বন্যপ্রাণী পারাপারের জন্য সাইনবোর্ড ও স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

Link copied!