রবিবার ১৩, সেপ্টেম্বর ২০২৬

রবিবার ১৩, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সম্মেলনে আমন্ত্রণ পেলেন মেট্রোপলিটর মেহেদী

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ এএম

শাহরিয়ার আলম মেহেদী তাপাদার

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল সামিট অন কনস্টিটিউশনালিজম’এ অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের অন্যতম শীর্ষ বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহরিয়ার আলম মেহেদী তাপাদার।

বিশ্বব্যাপী হাজারো আবেদনকারীর মধ্য থেকে কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে তাকে এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়েছে। তার সামাজিক সচেতনতা, একাডেমিক পারফরম্যান্স, নেতৃত্বের গুণাবলি এবং ভবিষ্যৎ পরিকল্পনার গভীরতা তাকে এই আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে দিয়েছে।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ শাখা জানায়, শাহরিয়ার আলম মেহেদী তাপাদার বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ থেকে সম্প্রতি স্নাতক (এলএলবি) সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একই বিভাগে স্নাতকোত্তর (এলএলএম) অধ্যয়নরত।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিনের কনস্টিটিউশনাল স্টাডিজের পরিচালক প্রফেসর রিচার্ড আলবার্ট স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে অংশগ্রহণের জন্য তার যাবতীয় ব্যয় আয়োজকরা বহন করবেন।

ইন্টারন্যাশনাল ফোরাম অন দ্য ফিউচার অব কনস্টিটিউশনালিজম-এর সহযোগিতায় এবং ইউনিভার্সিটি অব টেক্সাসের কনস্টিটিউশনাল স্টাডিজ প্রোগ্রামের আয়োজনে আগামী ২০২৭ সালের ১৭ থেকে ১৯ মার্চ অস্টিন ক্যাম্পাসে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

গবেষণাগত শ্রেষ্ঠত্ব, একাডেমিক সততা, বাকস্বাধীনতা এবং বৈশ্বিক যোগাযোগের পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে আয়োজিত সম্মেলনে প্লেনারি লেকচার, প্যানেল আলোচনা ও জ্ঞানচর্চার বিভিন্ন সেশন থাকবে।

আন্তর্জাতিক পর্যায়ে এমন সাফল্যের সংবাদে শাহরিয়ার আলম মেহেদী তাপাদারকে অভিনন্দন জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. তৌফিক রহমান চৌধুরী এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এম এ রহমান চৌধুরী।

এক অভিনন্দন বার্তায় তারা বলেন, “বিশ্বের অত্যন্ত মর্যাদাপূর্ণ সামিটে অংশগ্রহণ করতে শাহরিয়ার আলম মেহেদী তাপাদারের আমন্ত্রণ আসা শুধু আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের জন্যই নয়, বরং দেশের জন্যও গৌরবের।”

প্রসঙ্গত, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন শাহরিয়ার আলম মেহেদী তাপাদার। বর্তমানে তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ‘স্টুডেন্ট অ্যাডভাইজার’ এবং সিলেট জেলা ও দায়রা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবেও কর্মরত রয়েছেন।

Link copied!