প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম
ঢাকা জেলার সাভারে ঋণের পাওনা টাকা চাওয়ায় এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি মোঃ ফারুক হোসেন (৪৫)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-৪ ও র্যাব-১৪ এর একটি যৌথ আভিযানিক দল টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ধুবরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৪ এসব তথ্য নিশ্চিত করেছে।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম মোঃ আহসান উল্লাহ স্বপন সাভারের বক্তারপুর এলাকার 'বংশী ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেড'-এর সহ-সভাপতি। প্রায় এক বছর আগে আসামি ফারুক হোসেন ওই সমিতি থেকে ৩০ হাজার টাকা ঋণ নেন এবং ১২০ দিনের মধ্যে তা পরিশোধের অঙ্গীকার করেন। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও ফারুক টাকা পরিশোধ না করে নানা টালবাহানা ও কালক্ষেপণ করতে থাকেন। ভুক্তভোগী স্বপন পাওনা টাকার জন্য চাপ দিলে ফারুক তাকে প্রাণনাশের হুমকি দেন।
পরবর্তীতে গত ৩১ আগস্ট রাতে এলাকায় লোডশেডিংয়ের সময় ভুক্তভোগী স্বপন নিজ বাসার সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় আসামি ফারুক হোসেন ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে তার পথরোধ করে অতর্কিত হামলা চালায় এবং মারধর করে। একপর্যায়ে অন্য সহযোগীরা স্বপনকে চেপে ধরে রাখলে প্রধান আসামি ফারুক তার কাছে থাকা ধারালো সুইচগিয়ার দিয়ে স্বপনের পুরুষাঙ্গ কেটে নিয়ে পালিয়ে যায়।
স্বপনের চিৎকারে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে সাভার থানায় হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা দায়ের করেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপরই আসামিদের আইনের আওতায় আনতে ছায়াতদন্ত শুরু করে র্যাব। অবশেষে যৌথ অভিযানে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
