শুক্রবার ১১, সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার ১১, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

মৌলভীবাজারে দুদকের পিপি হলেন বর্ষীয়ান আইনজীবী মুজিবুর রহমান

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম

সংগৃহীত ছবি

বৃহত্তর সিলেটের প্রবীণ আইনজীবী, খ্যাতিমান কলামিস্ট ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) মৌলভীবাজার জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সরকারের আমলে তিনি মৌলভীবাজার জেলার পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। ওই সময় সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের কারণে তিনি সর্বমহলে প্রশংসিত হন।

মহামান্য হাইকোর্ট বারের তালিকাভুক্ত এই প্রবীণ আইনজীবী দীর্ঘ পেশাজীবনে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ছয় মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এক মেয়াদে সমিতির আহ্বায়কের দায়িত্বও পালন করেন তিনি।

আইন পেশার পাশাপাশি সাংবাদিকতা ও সাহিত্যচর্চাতেও রয়েছে এডভোকেট মুজিবুর রহমান মুজিবের দীর্ঘ অভিজ্ঞতা। তিনি দীর্ঘদিন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

বহু গ্রন্থের প্রণেতা এডভোকেট মুজিবের গবেষণাধর্মী গ্রন্থ ‘এ প্রজন্মের প্রিয়নেতা তারেক রহমান: পুস্পিতা শুভেচ্ছা’ পাঠক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সত্তরোর্ধ্ব এই আইনজীবী এখনও লেখালেখিতে সক্রিয়। নির্ভীক ও নির্লোভ ‘জিয়ার সৈনিক’ হিসেবে পরিচিত মুজিবুর রহমান মুজিব দুদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় জেলার আইনজীবী, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সমাজের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

নতুন দায়িত্ব প্রসঙ্গে এডভোকেট মুজিবুর রহমান মুজিব বলেন, দুদকের পিপি হিসেবে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করব। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করব। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

তার নিয়োগে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি, মৌলভীবাজার প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের আইন পেশার অভিজ্ঞতা, দক্ষতা ও সততা কাজে লাগিয়ে এডভোকেট মুজিবুর রহমান মুজিব দুদকের মামলাগুলো পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

Link copied!