শুক্রবার ১১, সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার ১১, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

মৌলভীবাজারে দুটি গভীর নলকূপ ও অসহায় পরিবারকে অটোরিকশা দিল বিআইএস

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

মানবিক ও সামাজিক কল্যাণে কাজ করে আসা মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সংগঠন শেখ বোরহান উদ্দিন রহ. ইসলামী সোসাইটির (বিআইএস) আন্তর্জাতিক শাখা বিআইএস ইন্টারন্যাশনালের স্থায়ী প্রকল্প ২০২৬-এর আওতায় জেলায় দুটি গভীর নলকূপ ও একটি অটোরিকশা প্রদান করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে এসব প্রকল্প হস্তান্তর করা হয়।

প্রকল্পের আওতায় সদর উপজেলার উত্তর জগন্নাথপুরের বোরহানা বাদে বিআইএসের স্থায়ী প্রজেক্ট এলাকায় এবং কামালপুর ইউনিয়নের রাধানগর গ্রামে একটি করে মোট দুটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এসব নলকূপের মাধ্যমে স্থানীয় শতাধিক পরিবার বিশুদ্ধ পানির সুবিধা পাবে।

এদিকে, নালিউড়ি গ্রামের একটি অসহায় পরিবারকে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি অটোরিকশা প্রদান করা হয়েছে। পরিবারটির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও তাদের স্বাবলম্বী করে তুলতেই এ সহায়তা দেওয়া হয়। অটোরিকশাটির সার্বিক তত্ত্বাবধান করবে নালিউড়ির স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন।

হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক ও যুক্তরাজ্য প্রবাসী মো. হারুনুর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কালের কণ্ঠ শুভসংঘ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ আলম।

এ সময় হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. মিজান খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রকল্পগুলোর সমন্বয় করেন সমাজকর্মী আকাইদ আহমদ ও নেসার আহমেদ।

জানা যায়, মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন রহ. ইসলামী সোসাইটি (বিআইএস), মৌলভীবাজারের সাবেক নেতৃবৃন্দ, যারা বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন, তাদের সমন্বয়ে বিআইএস ইন্টারন্যাশনাল গঠিত হয়েছে।

প্রকল্পটির সার্বিক সমন্বয় করেন বিআইএস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট আবুল হাসান চৌধুরী, চিফ অর্গানাইজার সিরাজুল হাসান, চিফ অর্গানাইজার ইউরোপ মো. সোহানুর রহমান সোহান এবং পাবলিক অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি রেদওয়ান আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিজেদের পরিশ্রমে অর্জিত অর্থ ব্যয় করে বিআইএস ইন্টারন্যাশনাল যে মানবিক কার্যক্রম পরিচালনা করছে তা সত্যিই প্রশংসনীয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদের স্বাবলম্বী করে তোলা এবং সমাজের কল্যাণে কাজ করার এই মহৎ উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে সংগঠনের সকল নেতৃবৃন্দ, সদস্য ও সহযোগীদের জন্য উত্তম প্রতিদান, সুস্থতা এবং মানবতার কল্যাণে আরও এগিয়ে যাওয়ার তাওফিক কামনা করে দোয়া করা হয়।

Link copied!