শুক্রবার ১১, সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার ১১, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

‘সবে আমারে মাফ করে দিও’ লিখে মৌলভীবাজারে তরুণীর মৃত্যু

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নিজ বসতঘর থেকে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নারায়ণক্ষেত্র গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জেসি চৌধুরী ওই গ্রামের জামাল চৌধুরীর মেয়ে। তিনি সুজা মেমোরিয়াল কলেজ থেকে সম্প্রতি এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা জেসিকে নিজ ঘরে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশ ও স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে হাতে লেখা একটি কাগজের টুকরা উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, ‘সবে আমারে মাফ করে দিয়ে।’

কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি কাগজের টুকরা উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!