বৃহস্পতিবার ১৩, আগস্ট ২০২৬

বৃহস্পতিবার ১৩, আগস্ট ২০২৬ -- : -- --

পরিবেশ সুরক্ষায় লিডিং ইউনিভার্সিটিতে বিএনসিসির বৃক্ষরোপণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম

লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে বৃক্ষরোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘সবুজে সাজুক ক্যাম্পাস, সমৃদ্ধ হোক আগামী’ প্রতিপাদ্যে ৭ বিএনসিসি ব্যাটালিয়ন, ময়নামতি রেজিমেন্ট এবং লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলদ, ঔষধি, ফুল, শোভাবর্ধনকারী ও কাঠজাতীয় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপাচার্য বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এখন থেকেই বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, লিডিং ইউনিভার্সিটিতে নিয়মিতভাবে বৃক্ষরোপণসহ বিভিন্ন পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসকে আরও সবুজ ও মনোরম করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি হচ্ছে। তিনি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রফেসর আন্ডার অফিসার (PUO) নাঈম আহসান চৌধুরী, লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের সামরিক প্রশিক্ষক কর্পোরাল মুন্না এবং ১৩ জন বিএনসিসি ক্যাডেট অংশ নেন।

কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ আরও সবুজ ও নান্দনিক করার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Link copied!