প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৭:১২ এএম
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএউ) বৃক্ষরোপণ করা হয়েছে। ১১ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের গল্লামারীস্থ নতুন ক্যাম্পাসের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি কৃষ্ণচূড়া ফুলের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন কেকেবিএউ'র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. এস এম খলিলুর রহমান।
এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নির্মাণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে আরও সবুজ ও নান্দনিক করে তুলতে নিয়মিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ব্যাপকভাবে বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান। এ সময় তাঁর সহধর্মিণী একটি চালতা গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি আনুষ্ঠানিকভাবে কেকেবিএইউ'র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. এস এম খলিলুর রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তিনি জানান, শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ব্যাপকভিত্তিতে বৃক্ষরোপণ করা হবে। পরে তিনি একটি সোনালু গাছের চারা রোপণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
