বৃহস্পতিবার ১৩, আগস্ট ২০২৬

বৃহস্পতিবার ১৩, আগস্ট ২০২৬ -- : -- --

গোপন তৎপরতায় লিপ্ত ঢাবি’র কতিপয় শিক্ষকের বিষয়ে কমিটি

ঢাবি থেকে আরিফ জাওয়াদ

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৭:৫১ পিএম

ফাইল ফটো

রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় লিপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংশ্লিষ্ট শিক্ষকগণের বিষয় খতিয়ে দেখে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে কমিটি গঠন করেছে ঢাবি।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা  হয়েছে। কমিটির অন্য ২ জন সদস্য হলেন- বিজ্ঞান অনুষদের ডিন ও আইন অনুষদের ডিন। এই কমিটি সংশ্লিষ্ট শিক্ষকগণের সার্বিক বিষয় খতিয়ে দেখে করণীয় নির্ধারণ ও সুপারিশ প্রদান করবে। কমিটি ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতা সংক্রান্ত একটি  প্রতিবেদন  ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।

প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক গোপন তৎপরতায় লিপ্ত আছেন বলে উল্লেখ করা হয়েছিলো। তাদের মধ্যে ইতোমধ্যেই ৫৮ জন শিক্ষকের নাম সনাক্ত করা গেছে। আরও কারও নাম সনাক্ত করা গেলে কমিটি তাদের বিষয়ও খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

Link copied!