মঙ্গলবার ১১, আগস্ট ২০২৬

মঙ্গলবার ১১, আগস্ট ২০২৬ -- : -- --

এসএসসিতে সিলেটের এল.বি. গ্রীণ ফ্লাওয়ারের বাজিমাত, জিপিএ-৫ পেয়েছে ১৯ জন

ছাইম ইবনে আব্বাস,এমসি কলেজ, সিলেট।

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

স্বপ্ন ছিল সাফল্যের, সেই স্বপ্ন এবার রূপ নিয়েছে উজ্জ্বল অর্জনে। মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের স্বাক্ষর রেখে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে এল.বি. গ্রীণ ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়।

বিদ্যালয়টির ৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এতে বিদ্যালয়ের সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৮১ দশমিক ৫২ শতাংশে। এবারের ফলাফলে সবচেয়ে উজ্জ্বল সাফল্য এসেছে ১৯ জন শিক্ষার্থীর এ+ অর্জনের মাধ্যমে। তাদের মধ্যে ৬ জন পেয়েছে গোল্ডেন এ+।

ফলাফলের অন্যান্য গ্রেডেও রয়েছে সন্তোষজনক সাফল্য। এ গ্রেড পেয়েছে ২৫ জন, এ- গ্রেড ১৯ জন, বি গ্রেড ৭ জন এবং সি গ্রেড পেয়েছে ৫ জন শিক্ষার্থী।
ফল প্রকাশের পর বিদ্যালয়জুড়ে যেন আনন্দের ঢেউ। শিক্ষার্থীদের চোখে ভবিষ্যতের নতুন স্বপ্ন, অভিভাবকদের মুখে তৃপ্তির হাসি আর শিক্ষকদের হৃদয়ে পরিশ্রমের সার্থকতা। দীর্ঘদিনের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং শিক্ষার্থী-অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলতাফুর রহমান বলেন,“আলহামদুলিল্লাহ, আমাদের শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় যে ফলাফল অর্জন করেছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ জনের কৃতকার্য হওয়া এবং ১৯ জনের এ+ অর্জন আমাদের জন্য বড় প্রাপ্তি। বিশেষ করে ৬ জন শিক্ষার্থীর গোল্ডেন এ+ অর্জন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের দীর্ঘ প্রচেষ্টাকে সার্থক করেছে।”

তিনি আরও বলেন, “এই অর্জন শুধু একটি ফলাফল নয়; এটি আমাদের শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সোপান। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

এবারের ফলাফলে গোল্ডেন এ+ অর্জন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী নাহিয়ান রহমান। তার বাবা লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান ছেলের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,

“আমার ছেলে গোল্ডেন এ+ পেয়েছে এতে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এই সাফল্য শুধু আমার ছেলের নয়, এটি তার কঠোর পরিশ্রম এবং সম্মানিত শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টার ফল। শিক্ষকেরা যেভাবে তাকে সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়েছেন, তার জন্য আমি তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার ছেলের এই অর্জনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”

তিনি বলেন, সন্তানদের ভালো ফলাফলের পাশাপাশি তাদের সৎ, মানবিক ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের একসঙ্গে কাজ করতে হবে।

বিদ্যালয়ের আরেক কৃতী শিক্ষার্থী নায়িফ ইসলাম এবারের এসএসসি পরীক্ষায় এ+ অর্জন করেছে। নিজের অনুভূতি জানাতে গিয়ে নায়িফ বলে,
“ফলাফল প্রকাশের পর যখন জানতে পারি আমি এ+ পেয়েছি, তখন সত্যিই অনেক আনন্দিত হয়েছি। এই সাফল্যের জন্য প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার বাবা-মা ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাঁরা সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন। আমার শিক্ষকরা যে পরিশ্রম ও আন্তরিকতা নিয়ে আমাদের পড়িয়েছেন, তাঁদের অবদানও কখনো ভোলার নয়। এই ফলাফল আমাকে ভবিষ্যতে আরও ভালোভাবে পড়াশোনা করে বড় স্বপ্ন পূরণের অনুপ্রেরণা দিচ্ছে।”

নায়িফ আরও জানায়, ভবিষ্যতে ভালো ফলাফলের পাশাপাশি একজন আদর্শ ও মানবিক মানুষ হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করতে চায় সে।
বিদ্যালয়ের পক্ষ থেকে সিলেট-৬ আসনের মাননীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

একটি ফলাফল কখনোই শুধু কিছু সংখ্যার হিসাব নয়। এর পেছনে থাকে অসংখ্য রাতের নির্ঘুম পরিশ্রম, শিক্ষকের ভালোবাসা ও দিকনির্দেশনা, অভিভাবকের প্রত্যাশা এবং শিক্ষার্থীর অদম্য চেষ্টা। এল.বি. গ্রীণ ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়ের এবারের ফলাফল যেন সেই সম্মিলিত প্রচেষ্টারই প্রতিচ্ছবি।

আজকের এই সাফল্য আগামী দিনের আরও বড় স্বপ্ন দেখাক জ্ঞান, মেধা, নৈতিকতা ও মানবিকতার আলোয় আলোকিত হয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রতিষ্ঠিত করুক এটাই প্রত্যাশা।

Link copied!