মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০২:৩৯ পিএম
মঙ্গলবার ১১, আগস্ট ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
এসএসসি ২০২৬ এর ফলাফলে বিরল কৃতিত্ব দেখালেন কমলগঞ্জের দুই বোন। আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের সাদিয়া রাকিব ও সুমাইয়া রাকিব দুজনই জিপিএ-৫ পেয়ে পরিবার, বিদ্যালয় ও এলাকার মুখ উজ্জ্বল করেছে।
তারা দুজনই তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। একই বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে দুই বোনের একসঙ্গে জিপিএ-৫ পাওয়ার খবরে গোটা গ্রামে বইছে আনন্দের বন্যা।
বিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে ফল প্রকাশের পর দুজনই জিপিএ-৫ পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
সাদিয়া ও সুমাইয়ার বাবা আব্দুল রাকিব সৌদি আরবে থাকেন। মা আছমা বেগম বাড়িতে থেকে সন্তানদের পড়াশোনার দেখভাল করেন। বাবা দীর্ঘ সময় সংসারের বাইরে থাকলেও নিয়মিত খোঁজখবর রাখতেন। আর মা সবসময় পড়াশোনায় উৎসাহ ও সহযোগিতা করেছেন।
পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই দুই বোনের পড়াশোনার প্রতি ছিল অদম্য আগ্রহ। নিয়মিত পড়াশোনা, চর্চা এবং শিক্ষকদের পরামর্শ মেনে চলার কারণেই এসেছে এই সাফল্য।
সাদিয়া ও সুমাইয়া বলেন, একই বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে দুজনেই এসএসসিতে জিপিএ-৫ পাওয়ায় আমরা খুব আনন্দিত। এ সাফল্যের জন্য বাবা-মা ও শিক্ষকদের প্রতি আমরা কৃতজ্ঞ। তাঁদের উৎসাহ ও সহযোগিতা আমাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছে।
মা আছমা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, সন্তানদের এই ফলাফলে আমি খুবই আনন্দিত। অভিভাবকেরা যদি সন্তানদের সময় দেন এবং পড়াশোনার প্রতি উৎসাহিত করেন, তাহলে তারা অবশ্যই ভালো কিছু করতে পারবে।
তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষকরা জানান, সাদিয়া ও সুমাইয়া নিয়মিত পড়াশোনা করত এবং তাদের মধ্যে ভালো ফল করার আগ্রহ ছিল। তাদের এই সাফল্য বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় উৎসাহিত করবে।
একই পরিবারের দুই বোনের একসঙ্গে জিপিএ-৫ পাওয়ার ঘটনায় কান্দিগাঁও গ্রামে এখন উৎসবের আমেজ। পরিবারের সদস্যরা আশা করছেন, ভবিষ্যতে উচ্চশিক্ষায়ও সাদিয়া ও সুমাইয়া নিজেদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে।