মঙ্গলবার ১১, আগস্ট ২০২৬

মঙ্গলবার ১১, আগস্ট ২০২৬ -- : -- --

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেন্ডার সমতা বিষয়ক আলোচনা সভা

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০২:২১ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ও ইউএন উইমেন বাংলাদেশ- এর যৌথ উদ্যোগে পলিসি ডায়লগ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠান আজ (১১ আগস্ট ২০২৬) মঙ্গলবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন।

‎সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-এর পরিচালক অধ্যাপক ড. সানজীদা আখতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং ইউএন উইমেন বাংলাদেশ-এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ নবনীতা সিনহা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আইন বিভাগের অধ্যাপক ড. শাহনাজ হুদা  Achieving Gender Equality before The Law in Bangladesh  শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক অদিতি সবুর ধন্যবাদ জ্ঞাপন করেন। আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসলিমা ইয়াসমীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সারা হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আইনজীবী মাসুদা রেহেনা বেগম এবং উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জয়শ্রী সমাদ্দার প্যানেল আলোচনায় অংশ নেন। উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আলিমা জাইম এবং ফারহানা আলী শুচি অনুষ্ঠান সঞ্চালন করেন।

‎উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল বলেন, জেন্ডার সমতা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বাড়াতে আইন প্রণয়নের পাশাপাশি সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে শিক্ষিত তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। গবেষণাভিত্তিক পলিসি পেপার তৈরির মাধ্যমে বাস্তব নীতিনির্ধারণী প্রক্রিয়ায় শিক্ষার্থীদের যুক্ত করার উপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, তরুণদের জ্ঞান ও গবেষণাকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্যোগকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

Link copied!