শুক্রবার ৩১, জুলাই ২০২৬

শুক্রবার ৩১, জুলাই ২০২৬ -- : -- --

পবিপ্রবিতে নতুন একাডেমিক ভবন:নিরসন হবে ক্লাসরুম সংকট

পবিপ্রবি থেকে প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ১০:৩৫ পিএম

ফাইল ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) (সম্ভাব্য)  উদ্বোধন হতে যাচ্ছে নতুন একাডেমিক ভবন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উদ্বোধনের পর ভবনটি আনুষ্ঠানিকভাবে ব্যবসায় প্রশাসন অনুষদ (বিবিএ) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ডিনদের কাছে হস্তান্তর করা হবে। নতুন ভবন চালু হওয়ার ফলে দীর্ঘদিনের ক্লাসরুম সংকট অনেকাংশে দূর হবে এবং এ দুই অনুষদের শিক্ষার্থীরা পর্যাপ্ত শ্রেণিকক্ষ সুবিধা পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সরেজমিনে দেখা যায়, ব্যবসায় প্রশাসন অনুষদের ২৩-২৪ সেশনের সেশনাল পরীক্ষা চলার কারণে বাকি সেশনের শিক্ষার্থীদের অফলাইনে সরাসরি ক্লাস বন্ধ রয়েছে। তারা তাদের শ্রেণি কার্যক্রম অনলাইনে চালিয়ে নিচ্ছেন। এদিকে ক্লাসরুম সংকটের কারণে নিয়মিত এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের ক্লাস করতে হয় শিক্ষকদের চেম্বারে। অনেকসময় তাদের পরীক্ষা দিতে হয় আন্ডারগ্র‍্যাড শিক্ষার্থীদের সাথে। 

এব্যাপারে কথা বলতে চাইলে এমবিএর শিক্ষার্থী ইমন হতাশা প্রকাশ করেন। ক্লাসরুম সংকট প্রকট আকার ধারণ করায় তিনি বলেন, "এভাবে একটা বিশ্ববিদ্যালয়ের রেগুলার প্রোগ্রাম(এমবিএ) চলতে পারেনা। আমরা বঞ্চিত হচ্ছি।" এদিকে আন্ডারগ্র্যাড শিক্ষার্থী মাহিন বলেন, "এত কম সুযোগ-সুবিধা নিয়ে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে তা আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা গত ৯ তারিখে শেষ হবার পরেও ক্লাসরুম সংকট এর কারণে আমরা এখনো নতুন সেমিস্টারের ক্লাস শুরু করতে পারি নি। এভাবে তো একটা অনুষদ চলতে পারেনা।" 

এ বিষয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক বদিউজ্জামান বলেন, "নতুন একাডেমিক ভবনটি আমাদের অনুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এর মাধ্যমে দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট অনেকটাই লাঘব হবে এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। নতুন শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের এই ভবনে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।"

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যাশা, নতুন একাডেমিক ভবনটি চালু হওয়ার মাধ্যমে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরা আধুনিক ও অনুকূল পরিবেশে পাঠদান গ্রহণের সুযোগ পাবে।

Link copied!