প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০৭:১৫ এএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রফেসর গোলাম আলী ফকির সিড প্যাথলজি সেন্টারের উদ্যোগে স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য আয়োজিত ১৫ দিনব্যাপী 'সিড টেকনোলজি বিষয়ক স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্স'-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে সিড প্যাথলজি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, ট্রেজারার (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. হুমায়ুন কবির, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা এবং অধ্যাপক ড. ইসলাম হামিম।
উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ও প্রফেসর গোলাম আলী ফকির সিড প্যাথলজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পূর্ণিমা দে-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোর্স সমন্বয়কারী ড. মো. মাহমুদুল হাসান চৌধুরী। তিনি প্রশিক্ষণ কোর্সের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন। এ সময় প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে দুইজন ছাত্র ও দুইজন ছাত্রী তাদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, "প্রশিক্ষণের বিষয়বস্তু কৃষি স্নাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি দেশীয় বীজের গুণগত মান সংরক্ষণ এবং বীজ প্রযুক্তিতে দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান।
উল্লেখ্য, গত ৫ জুলাই শুরু হওয়া এই ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ২৩ জুলাই সফলভাবে শেষ হয়। এতে কৃষি অনুষদের স্নাতকোত্তর পর্যায়ের ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
