প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০৬:৫৬ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের ঔষধের মজুদে গরমিলের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গতকাল বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ কর্তৃক প্রধান মেডিক্যাল অফিসারকে অবরুদ্ধ করে রাখার প্রাক্কালে সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের নিকট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) কর্তৃক উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিম্মোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
১. চিকিৎসা কেন্দ্রে বর্তমানে শূন্য পদ নিয়োগের জন্য দ্রুততম সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রচার করে নিয়োগ প্রদান করা হবে।
২. চিকিৎসা কেন্দ্রে প্রয়োজনীয় (বিশেষজ্ঞ চিকিৎসক, ডিপ্লোমা নার্স, ওয়ার্ড বয়, আয়া/ক্লিনার) পদের চাহিদা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে প্রেরণ করা হবে।
৩. চিকিৎসা কেন্দ্রের অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে যতটা সম্ভব চিকিৎসা কেন্দ্রের অবশিষ্ট উন্নয়ন কাজ সম্পাদন করা হবে।
৪. চিকিৎসা কেন্দ্রের ঔষধের মজুদের গরমিল সংক্রান্ত তদন্ত কার্যক্রম চলমান থাকা অবস্থায় প্রধান মেডিক্যাল অফিসার ডা. মো. শামছুর রহমানকে চিকিৎসা কেন্দ্রে দায়িত্ব থেকে বিরত রাখা হবে। এই সময়ে চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান মেডিক্যাল অফিসার ডা. মো. শামছুল আলম খান চিকিৎসা কেন্দ্রের প্রধান মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন।
৫. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন দুইটি অ্যাম্বুলেন্স সরবরাহের উদ্দেশ্যে অনতিবিলম্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হবে।
