শনিবার ২৫, জুলাই ২০২৬

শনিবার ২৫, জুলাই ২০২৬ -- : -- --

তাজউদ্দীন আহমদ অ্যাওয়ার্ড পেলেন ঢাবির যে ৭ শিক্ষার্থী

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০৬:৪২ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

২০২১ সালের বিএসএস সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের মেধাবী ছাত্রী রাবেয়া আক্তার সাথী ‘তাজউদ্দীন আহমদ স্বর্ণপদক’ লাভ করেছেন।

এছাড়া, একই বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ছাত্রী মুমতাহানা হাবীব ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ছাত্রী আরুশা বিনতে আমিরকে ‘তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। রচনা প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান লাভ করায় বিভিন্ন বিভাগের ৫ জন শিক্ষার্থীকে ‘তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড পুরস্কার’ প্রদান করা হয়েছে। গতকাল (২৩ জুলাই ২০২৬) বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে তাদের পুরস্কার প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীর সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রাস্ট ফান্ডের দাতা শারমিন আহমদ প্রধান অতিথি এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. মেহেদী হাসান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী ‘তাজউদ্দীন আহমদ স্মারক বক্তৃতা’ প্রদান করেন। স্বাগত বক্তব্য দেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী।

প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ও বিকাশে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার জন্য তিনি দাতাকে আন্তরিক ধন্যবাদ জানান।

তাজউদ্দীন আহমদ রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- মো. আব্দুস সামাদ (সমাজবিজ্ঞান), মো. তকী ইয়াসির ইউশা (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), হৃদয় আহমেদ স্বাধীন (রাষ্ট্রবিজ্ঞান), কামাল উদ্দিন (ইংরেজি) এবং মুহাম্মদ রায়হান (শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন)।

Link copied!