প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ১০:০৩ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র হত্যাকাণ্ডের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘স্মরণে শহিদ সাজিদ আব্দুল্লাহ’ শীর্ষক স্মরণসভা, দ্রোহের কবিতা ও দোয়া-মোনাজাত কামনায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ‘জাস্টিস ফর সাজিদ আব্দুল্লাহ’ নামক একটি প্ল্যাটফর্ম।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় কেন্দ্রীয় শহিদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করেন তারা।
অনুষ্ঠানটি পবিত্র আল-কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে শহীদ সাজিদ আব্দুল্লাহকে স্মরণ করে ধারাবাহিকভাবে কবিতা আবৃত্তি, তার প্রতিষ্ঠিত সংগঠন ‘মেহফিল’-এর আয়োজনে কাওয়ালি পরিবেশন, তার জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ, দ্রোহের কবিতা পাঠ এবং তাকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। সবশেষে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, সহপাঠী এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
আয়োজকরা বলেন, সাজিদ আব্দুল্লাহর স্মৃতিকে ধারণ, তার রুহের মাগফিরাত কামনা এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের ভিসেরা প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যার তথ্য উঠে আসে। এ মামলার তদন্ত বর্তমানে সিআইডি করছে।
