শনিবার ১৮, জুলাই ২০২৬

শনিবার ১৮, জুলাই ২০২৬ -- : -- --

পাবিপ্রবিতে ৫টি প্লাস্টিকের বোতলের বিনিময়ে মিলবে গাছ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৯ পিএম

সংগৃহীত ছবি

পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা, প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার নিশ্চিত করা এবং ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্য নিয়ে ব্যতিক্রমী এক কর্মসূচির আয়োজন করেছে গ্রীন ভয়েস, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা। ‘প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ’ শীর্ষক এ কর্মসূচির মাধ্যমে ব্যবহৃত প্লাস্টিকের বোতল সংগ্রহের পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগে অংশ নেওয়ার সুযোগ পাবেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

সংগঠনটির উদ্যোগে আগামী ১৮ জুলাই (শনিবার) সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের এলিভেটেড প্লাজার নিচে কর্মসূচিটি অনুষ্ঠিত হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, কর্মসূচিতে অংশগ্রহণকারী যে কেউ ব্যবহৃত পাঁচটি প্লাস্টিকের বোতল জমা দিলে বিনিময়ে একটি গাছের চারা পাবেন। এর মাধ্যমে প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাইকে উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

আয়োজকরা জানান, বর্তমানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। এসব বর্জ্য যথাযথভাবে সংগ্রহ ও পুনর্ব্যবহার নিশ্চিত করা গেলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমানো সম্ভব। সেই ভাবনা থেকেই শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তাদের মতে, প্লাস্টিকের বোতলের মতো পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য নির্দিষ্টভাবে সংগ্রহ করা হলে তা পুনঃপ্রক্রিয়াজাত করা সম্ভব হবে। অন্যদিকে একটি গাছের চারা রোপণের মাধ্যমে ক্যাম্পাসে সবুজের পরিমাণ বাড়বে এবং দীর্ঘমেয়াদে পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

এ বিষয়ে গ্রীন ভয়েস, পাবিপ্রবি শাখার পক্ষ থেকে জানানো হয়, একটি গাছ শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি সবুজ প্রতিশ্রুতি। তাই পরিবেশ রক্ষার এ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আয়োজকরা আরও জানান, এ কর্মসূচি কেবল গাছ বিতরণে সীমাবদ্ধ নয়; বরং প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং টেকসই জীবনধারা গড়ে তোলার একটি সামাজিক উদ্যোগ। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং সবুজায়নকে কেন্দ্র করে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে।

কর্মসূচিটির স্লোগান ‘প্লাস্টিক বর্জন করি, সবুজ পৃথিবী গড়ি।’ এ প্রতিপাদ্যের মাধ্যমে ব্যক্তি ও সমাজ পর্যায়ে পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার বার্তা দেওয়া হচ্ছে বলে জানান আয়োজকরা।

গ্রীন ভয়েসের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয় পরিবারের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এ কর্মসূচি প্লাস্টিকমুক্ত, পরিচ্ছন্ন ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার আন্দোলনে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষায় দায়িত্ববোধ ও স্বেচ্ছাসেবী মনোভাব আরও জোরদার হবে।

Link copied!