ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৫:১০ পিএম
শনিবার ১৮, জুলাই ২০২৬ -- : -- --
সাজিদ আব্দুল্লাহর মাগফেরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার এক বছর পূর্তিতে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শুক্রবার (১৭ জুলাই) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আশরাফ উদ্দিন খান আজহারী দোয়া পরিচালনা করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, অধ্যাপক ড. আলীনূর রহমান, গ্রীণ ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ ছাত্রদলের অন্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, “সাজিদ আব্দুল্লাহ হত্যার এক বছর পেরিয়ে গেলেও এখনো বিচার হয়নি। শুরু থেকেই ইবি ছাত্রদল এই হত্যার বিচার দাবি করে আসছে এবং এ দাবিতে আন্দোলন করেছে। কিন্তু খুনিরা এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, যা শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতার শঙ্কা তৈরি করছে। সাজিদের শাহাদাতবার্ষিকীতে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং দ্রুত তার হত্যার বিচারের দাবি জানাচ্ছি।”
প্রসঙ্গত, গত বছরের ১৭ জুলাই বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ৩ আগস্ট প্রকাশিত ভিসেরা প্রতিবেদনে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এ ঘটনায় সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ইবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে ঘটনার প্রায় এক বছর হলেও মামলার বিচার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।