মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ১২:৫৯ পিএম
রবিবার ১২, জুলাই ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
বন্যার কবলে ভিটেমাটিহীন। মৌলভীবাজার সদরের চাঁদনীঘাট এলাকায় পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে ১৫টি বেদে পরিবার। ঘর-বাড়ি পানিতে ডুবে যাওয়ায় বারান্দায় ও ত্রিপল টাঙিয়ে কোনো রকমে দিন কাটছে তাদের। খাবার নেই, ঘুম নেই, নেই কোনো সরকারি সহায়তা বলে অভিযোগ তাদের।
রোববার (১২ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁদনীঘাটের পানিতে ডুবে থাকা কলোনিতে বেদে পরিবারের শিশুরা ভেজা বারান্দায় বসে আছে। চার-পাঁচ দিন ধরে তিন বেলার মাঝে একবারও চুলা জ্বলেনি অনেক ঘরে। বাচ্চাদের খাওয়াতে পারছেন না মায়েরা।
একজন বেদে নারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ভাসিয়ে যাচ্ছি বাবা। তিন চার দিন ধরে রান্না করে বাচ্চাদের কিছু খাওয়াতে পারছি না। আমরা থাকতাম কলোনিতে বাবা, সেখানে পানি। এখন আপনারা না দিলে আমরা খাব কি বাবা? সরকার থেকে আমরা সহযোগিতা পাই নাই। আমরা গরিব মানুষ বাবা।
আরেকটি পরিবারের নারী জানান, ছয় দিন ধরে আমরা বারিন্দায় পরে রয়েছি। খাওয়া নাই, ঘুম নাই। আমাদের মানুষ সাহায্য বেশি করে না। আমরা বেকার পরে রয়েছি এখানে। পানি উন্নয়ন বোর্ড থেকে বা সরকার থেকে কোনো চাল বা ডাল কিছু পাইনি। এখানে মানুষ কিছু বিস্কুট দিয়েছে, এগুলো কি পেটের খুদা যায়
এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন বলেন, চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে রান্না করা খাবার দেওয়া হয়েছে। আজ আবার রাতে রান্না করা খাবার দেওয়া হবে। আমি চেয়ারম্যানকে বলে দিয়েছি।
বন্যায় সবচেয়ে অবহেলিত এই বেদে পরিবারগুলো এখন জরুরি খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের অপেক্ষায় রয়েছেন। প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপই পারে তাদের এই দুর্ভোগ কিছুটা লাঘব করতে।