জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ১০:২০ পিএম
সোমবার ১৩, জুলাই ২০২৬ -- : -- --
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ ও অভিনেতা আবুল হায়াতকে ‘নাট্যজন সম্মাননা’ প্রদান। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
বাংলাদেশের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ ও অভিনেতা আবুল হায়াতকে ‘নাট্যজন সম্মাননা’ প্রদান করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) সাত দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৬’ শুরু হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
সম্মাননা প্রদানকালে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রখ্যাত এই নাট্যজনের ভূয়সী প্রশংসা করে বলেন, "যে দেশে জ্ঞানীর সম্মান হয় না, সেদেশে জ্ঞানীর জন্ম হয় না। প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত একজন অনন্য প্রতিভার অধিকারী, জননন্দিত অভিনেতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রেরণার বাতিঘর। তাঁকে বিশেষায়িত করার ভাষা আমার জানা নেই, আমি তাঁর সন্তানতুল্য। আমি আশা করি, এই বিভাগের শিক্ষার্থীরা আগামীতে একেকজন আবুল হায়াত হিসেবে তৈরি হবে।"
তিনি নাট্যকলা ও পরিবেশনাকে একটি সমৃদ্ধ সংস্কৃতি ও শিল্প হিসেবে উল্লেখ করে বলেন, দেশের অভিনয়শিল্পী ও কলাকুশলীরা দেশ ও বিদেশে তাঁদের মেধার স্বাক্ষর রাখবেন বলে তিনি আশাবাদী।
সম্মাননা গ্রহণ করে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আবুল হায়াত। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এ ধরনের সম্মাননা প্রাপ্তি কাজের স্বীকৃতির পাশাপাশি কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা করেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইস্রাফীল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রফেসর ড. আরিফ হায়দার।
নাট্যোৎসব আয়োজন কমিটির আহ্বায়ক ও নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইসমত আরা ভূঁইয়া ইলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজন কমিটির সদস্যসচিব ও সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মামুন রেজা।
আয়োজক সূত্রে জানা গেছে, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২৩ থেকে ২০২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষার অংশ হিসেবে এ নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। ১২ জুলাই থেকে ১৮ জুলাই ২০২৬ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের ‘জিয়া হায়দার ল্যাবে’ নাটকগুলো মঞ্চস্থ হবে।
এবারের উৎসবে দেশ ও বিদেশের মোট সাতটি নাটক মঞ্চস্থ হবে। উদ্বোধনী দিনে শাহমান মৈশান রচিত এবং সনজিত কুমার দের নির্দেশনায় ঢাকার ক্ষ্যাপাটে প্রযোজনা দল মঞ্চস্থ করে ‘ভাষা অথবা প্রেমের রাজনৈতিক বিপর্যয়’। উৎসবের পরবর্তী দিনগুলোতে পর্যায়ক্রমে মঞ্চস্থ হবে ‘রক্তবীজ বধ’ কাহিনী অবলম্বনে ‘কালিকা’, ‘ইনডিপেন্ডেন্স’, ‘একশ বস্তা চাল’, ‘দেওয়ান গাজীর কিসসা’, ‘ক্রীতদাসের হাসি’ এবং সমাপনী দিনে ভারতের পশ্চিমবঙ্গের কাঁকিনাড়া প্রযোজনা দলের পরিবেশনায় ‘পঞ্চমীর চাঁদ’।