সোমবার ১৩, জুলাই ২০২৬

সোমবার ১৩, জুলাই ২০২৬ -- : -- --

‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ ও ছাত্র সংসদ নির্বাচনের দাবি কুবি ছাত্রশক্তির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ১০:১৪ পিএম

ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ, ‘প্রতিরোধ দিবস’ স্মরণে পৃথক স্মৃতিস্তম্ভ স্থাপন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তি।

শনিবার (১২ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের প্রথম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব দাবি জানান কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির আহ্বায়ক নাইম ভূইয়া।

বক্তব্যের শুরুতে তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ শিক্ষার্থী আব্দুল কাইয়ুমসহ সারা দেশে শহীদ হওয়া প্রায় ১ হাজার ৪০০ জন এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানান। 

নাইম ভূইয়া বলেন, ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে গৌরবের দিন। এই দিনের পূর্ণতা আসে আন্দোলনে সাহসী ভূমিকা রাখা নারী শিক্ষার্থীদের স্মরণের মধ্য দিয়ে। তাদের প্রতিরোধের মুখেই সেদিন আইনশৃঙ্খলা বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছিল। পাশাপাশি দায়িত্ব পালন করতে গিয়ে হামলার মুখেও পিছিয়ে না যাওয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রশংসা করেন তিনি।

বর্তমান প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে বড় অর্জনকে সংরক্ষণ করতে দ্রুত জুলাই গণঅভ্যুত্থান ও প্রতিরোধ দিবসের স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সংরক্ষণে এটি বড় ধরনের ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চালু করা হলে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে এবং নেতৃত্ব বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হবে। তাই দ্রুত কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচনের উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

Link copied!