মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৭:১৫ পিএম
মঙ্গলবার ০৯, জুন ২০২৬ -- : -- --
মৌলভীবাজার
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার ভবনে হামলার ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন। দীর্ঘদিনের জায়গাসংক্রান্ত বিরোধের জেরে আদালতে হাজিরা দিতে এসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির ৩ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জসিম খান ও জমসেদ খান পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার বিরোধ ও বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় জমসেদ খান মৌলভীবাজার সদর থানায় সাতজনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ তদন্ত শেষে বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন আকারে উপস্থাপন করে। সোমবার ওই মামলায় হাজিরা দিতে আদালতে এলে বিবদমান দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে জমসেদ, সাকের, তারেক খান, জুনেল ও বাবুলসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জসিম, বেলাল ও সুজন খানসহ অপর পক্ষের সদস্যদের ওপর হামলা চালান।
এ ঘটনায় সুজন খান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পক্ষের দাবি, "আমরা আদালতে হাজিরা দিয়ে আইনজীবী বারে যাই। সেখানে জমসেদ খানের লোকেরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় দুজন আহত হন। তার মধ্যে সুজন খান গুরুতর। এই ঘটনায় আমরা থানায় মামলা করব।"
ঘটনার বিষয়ে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নুল হক বলেন, "বিবদমান দুটি পক্ষ আদালতে হাজিরা দিয়ে বারে আসে। এক পক্ষ আরেক পক্ষের ওপর বার ভবনে হামলা চালিয়েছে। এই ঘটনায় আমরা বিব্রত।"
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বারের আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
আদালত প্রাঙ্গণের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবী ও সচেতন নাগরিকরা। তারা আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।