প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০১:৫৯ এএম
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। রোববার সকালে দলটির প্রথম ভাগের সদস্যরা বাংলাদেশে পৌঁছান।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনাল শেষে দলের বাকি সদস্যরাও ঢাকায় যোগ দেবেন। সেই তালিকায় রয়েছেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। এছাড়া দলটিতে লাল বলের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার— আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি— অন্তর্ভুক্ত রয়েছেন।
তারকা ক্রিকেটারদের মধ্যে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদিও এই সফরের টেস্ট দলে আছেন। এছাড়া সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ কোচ হিসেবে নতুন ভূমিকায় দায়িত্ব পালন করবেন।
আগামী ৮ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত দুই দলই দুটি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশ একটি ড্র ও একটি হারে ১৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে। অন্যদিকে পাকিস্তান একটি জয় ও একটি হারে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে।
