প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ এএম
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়নে কেবল পাঠদান নয়; বরং সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী ‘মাদরাসা প্রধানদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ-২০২৬’ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “প্রশিক্ষণে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে বাস্তবায়নের মাধ্যমেই মাদরাসা শিক্ষায় দৃশ্যমান পরিবর্তন সম্ভব।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারী অধ্যক্ষদের উদ্দেশ্যে উপাচার্য আরও বলেন, নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার ও লাইব্রেরির সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষকদের নিয়ে নিয়মিত বিষয়ভিত্তিক সেমিনার আয়োজন এবং শিক্ষার্থীদের নৈতিকতা ও শুদ্ধ আচার-ব্যবহারের ওপর গুরুত্বারোপের আহ্বান জানান তিনি।
ড. আবু জাফর খান বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষার্থীদের উপযোগী করে তুলতে আরবি ও ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন। এছাড়া আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করে আয়-ব্যয়ের সঠিক হিসাব সংরক্ষণ এবং অপচয় রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, যার মাধ্যমে অধিভুক্ত মাদরাসাগুলোকে আরও সহজ ও দ্রুত সেবা প্রদান করা সম্ভব হবে। মাদরাসা শিক্ষার উন্নয়নে বিশ্ববিদ্যালয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী।
এছাড়া অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মমতাজী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দু’দিনব্যাপী এ প্রশিক্ষণে একাডেমিক মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা এবং আর্থিক ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। শেষে উপাচার্য অংশগ্রহণকারী অধ্যক্ষদের মাঝে সনদ বিতরণ করেন।
