শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

সেনাবাহিনীর সহায়তায় বদলাচ্ছে দীঘিনালার অসহায়দের জীবন

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পিএম

দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রমে অসহায় ও দুস্থ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তনের আভাস মিলছে। স্বাবলম্বী করে তুলতে নেওয়া এ উদ্যোগকে স্থানীয়দের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে দীঘিনালা সেনা জোনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। এ সময় উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ (পিএসসি)সহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কয়েকটি অসচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি একটি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন এবং পাঁচটি পরিবারকে দুটি করে ছাগল বিতরণ করা হয়। এছাড়া চারটি মাদ্রাসায় জিরা এবং একটি চার্চে বাদ্যযন্ত্র প্রদান করা হয়, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ সময় লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের সহযোগিতা তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টদের মতে, সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে আস্থা ও সৌহার্দ্যের সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Link copied!