প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫৭ এএম
জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফিস সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম শুরু হবে সকাল ৯টায়।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা মোতাবেক সরকারি ও বেসরকারি অফিসের ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নতুনভাবে নির্ধারণ করা হয়েছে।”
নতুন সময়সূচি অনুযায়ী, প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস কার্যক্রম পরিচালিত হবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি সাশ্রয় এবং কার্যক্রমে সমন্বয় আনতেই এই নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে।
