সোমবার ০৯, মার্চ ২০২৬

সোমবার ০৯, মার্চ ২০২৬ -- : -- --

বিনা খরচে অস্ট্রেলিয়ায় পড়াশোনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৯:২৭ পিএম

ফাইল ফটো

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর। অস্ট্রেলিয়া এওয়ার্ডস স্কলারশিপ ২০২৭-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই বৃত্তির মাধ্যমে অস্ট্রেলিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ পাবেন নির্বাচিত প্রার্থীরা। বাংলাদেশের অস্ট্রেলিয়ান দূতাবাস শিক্ষার্থীদের আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে ধারাবাহিক অনলাইন ইনফরমেশন সেশনের আয়োজন করেছে।

মোট পাঁচটি সেশনের মধ্যে দুটি ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। বাকি তিনটি সেশন অনুষ্ঠিত হবে ৩ মার্চ, ১০ মার্চ ও ১৭ মার্চ। এসব সেশনে অংশগ্রহণ করতে আগ্রহীদের আগে থেকে অনলাইনে নিবন্ধন করতে হবে। সেশনে বিশেষজ্ঞরা আবেদনপদ্ধতি, যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেবেন।

অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগ পরিচালিত এই স্কলারশিপের আওতায় স্বাস্থ্য, উন্নয়ন, পরিবেশ, সাসটেইনেবিলিটি, বাণিজ্য, পাবলিক পলিসি, অর্থনীতি, গভর্ন্যান্স, অবকাঠামো, বিজ্ঞান, প্রকৌশল ও ব্লু ইকোনমিসহ বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এবং চলবে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত।

এই স্কলারশিপে নির্বাচিত হলে শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফ সুবিধা পাবেন। পাশাপাশি বই ও শিক্ষা উপকরণের খরচ, ইকোনমি ক্লাসে বিমান ভাড়া, আবাসন ব্যয় এবং স্বাস্থ্য বিমার সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে। কিছু কোর্সে ফিল্ডওয়ার্কের জন্য অতিরিক্ত সহায়তাও দেওয়া হয়।

আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই ১৮ বছরের বেশি বয়সী বাংলাদেশি নাগরিক হতে হবে। অস্ট্রেলিয়ার নাগরিক বা অস্ট্রেলীয় নাগরিকের সঙ্গে বিবাহিত বা বাগদান সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন না। সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত থাকলেও অযোগ্য বিবেচিত হবেন। ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ স্কোর (প্রতিটি ব্যান্ডে কমপক্ষে ৬), অথবা টোয়েফল আইবিটিতে ৮৪, কিংবা পিটিই অ্যাকাডেমিকে ৫৮ স্কোর থাকতে হবে।

বিস্তারিত তথ্য ও আবেদন নির্দেশনা জানতে আগ্রহীরা স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন।

Link copied!