মঙ্গলবার ১৭, নভেম্বর ২০২৬

মঙ্গলবার ১৭, নভেম্বর ২০২৬ -- : -- --

ঢাবি উপাচার্যের সঙ্গে নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের ২ অধ্যাপকের সাক্ষাৎ

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক ড. মুহাম্মদ উসমান মাজহার ও ড. বিলাল আকবর। সোমবার (১৬ নভেম্বর) উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. নাসরিন আক্তার।

সাক্ষাৎকালে ব্রিটিশ কাউন্সিলের ‘ট্রান্সন্যাশনাল এডুকেশন প্রজেক্ট’-এর আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে জলবায়ুবিষয়ক সচেতনতা (ক্লাইমেট লিটারেসি) এবং টেকসই উন্নয়ন (সাসটেইনেবিলিটি) নিয়ে চলমান যৌথ একাডেমিক ও প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় যুক্তরাজ্যের দুই অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি ব্যবসায় শিক্ষা বিষয়ে যৌথভাবে পাঠ্যক্রম প্রণয়ন ও উন্নয়নে সহযোগিতার প্রস্তাব দেন তাঁরা। উচ্চশিক্ষার মানোন্নয়নে চলমান প্রকল্পটি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ ও অনুষদেও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করে আসছে। উচ্চশিক্ষার মানোন্নয়নে দেশি-বিদেশি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।

উপাচার্য আরও বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে ধারাবাহিক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণে যুক্তরাজ্যের অধ্যাপকদের সহযোগিতাও কামনা করেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডব্লিউ. এ. জেনকিন্স ভার্চুয়াল ক্লাসরুমে ‘ব্যবসায় শিক্ষায় জলবায়ুবিষয়ক সাক্ষরতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ এ কর্মসূচির আয়োজন করবে। এতে নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক বক্তৃতা দেবেন। বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রশিক্ষণে অংশ নেবেন।

Link copied!