প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম
ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হয়েছে সিলভার জুবিলি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘দ্য স্টেজ: সিলভার জুবিলি কালচারাল কম্পিটিশন ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্যাপনের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। গান, নাচ, আবৃত্তি, অভিনয়, যন্ত্রসংগীত ও ব্যান্ডসংগীতসহ মোট ১১টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগগুলো ছিল রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, শাস্ত্রীয় সংগীত, আধুনিক গান, লোকসংগীত, শাস্ত্রীয় নৃত্য, আধুনিক ও সমকালীন নাচ, আবৃত্তি, অভিনয়, যন্ত্রসংগীত এবং ব্যান্ডসংগীত।
চারটি ধাপে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। শুরুতে অনলাইনে অডিশনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে পরিবেশনা আহ্বান করা হয়। এতে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেন। প্রাথমিক বাছাই শেষে ১৯৬ জন প্রতিযোগী থিয়েটার পর্বে অংশ নেওয়ার সুযোগ পান। এ পর্বে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে গঠিত বিচারকমণ্ডলীর সামনে নিজেদের পরিবেশনা তুলে ধরেন প্রতিযোগীরা।
পরবর্তী সময়ে প্রায় ৯০ জন প্রতিযোগী সেমিফাইনালে অংশ নেওয়ার সুযোগ পান। এ পর্বে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিচারকদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিরাও বিচারকের দায়িত্ব পালন করেন। সেমিফাইনাল শেষে ৩৩ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে জায়গা করে নেন।
ফাইনালে প্রতিটি বিভাগে সেরা তিন প্রতিযোগী নিজেদের পরিবেশনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের হামিন আহমেদ। বিভিন্ন ক্ষেত্রের পরিচিত ও অভিজ্ঞ ব্যক্তিদের পাশাপাশি ব্র্যাক ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিচারকের দায়িত্ব পালন করেন। বিচারকেরাও অনুষ্ঠানে বিশেষ পরিবেশনা উপস্থাপন করেন।
বিভিন্ন বিভাগে যারা বিজয়ী
প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীরা হলেন,
- অভিনয়: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তাহমিনা বিনতে জামান।
- আবৃত্তি: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের জয়িতা মৈত্রী।
- শাস্ত্রীয় সংগীত ও নজরুলগীতি: ব্র্যাক বিজনেস স্কুলের আহমেদ আদনান খান।
- লোকসংগীত: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অভিবর্ধন দাস অর্ণ।
- আধুনিক গান: ব্র্যাক বিজনেস স্কুলের সাফাওয়াত আলম।
- রবীন্দ্রসংগীত: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কৌশিক দেবনাথ জয়।
- শাস্ত্রীয় নৃত্য: বায়োটেকনোলজি বিভাগের পূর্ণতা প্রাচী।
- আধুনিক ও সমকালীন নৃত্য: ফার্মেসি বিভাগের রাহাতুল জান্নাত।
- ব্যান্ডসংগীত: হাইপেরিয়ন।
- যন্ত্রসংগীত: মাইক্রোবায়োলজি বিভাগের সৈয়দ আরিফুল ইসলাম আভান।
ব্র্যাক ইউনিভার্সিটির সিলভার জুবিলি উদ্যাপনের অংশ হিসেবে স্টুডেন্ট লাইফ এ প্রতিযোগিতার আয়োজন করে। শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীরা যেন নিজেদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা প্রকাশের সুযোগ পান, সেটিই ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজকদের মতে, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, শিল্পচর্চা ও শ্রেণিকক্ষের বাইরের শিক্ষাকে উৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) অর্জনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
