শনিবার ০৭, নভেম্বর ২০২৬

শনিবার ০৭, নভেম্বর ২০২৬ -- : -- --

এমসি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটের মুরারিচাঁদ কলেজে (এমসি কলেজ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কলেজের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোসেন। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ তানভীর।

সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অঘ্রাতা সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. আশরাফুল ইসলাম। গীতা পাঠ করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নিক্সন দাস।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। আন্তর্জাতিক চক্রান্ত, দেশীয় ষড়যন্ত্র ও আধিপত্যবাদের বিরুদ্ধে এ দিন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে। তৎকালীন রাজনৈতিক অস্থিরতার মধ্যে তিনজন কর্নেলের তুলনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনপ্রিয়তা ও জনসমর্থন তাঁকে বিশেষ অবস্থানে নিয়ে যায়। ৭ নভেম্বর তাঁকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করার মধ্য দিয়ে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সূচনা হয় বলেও মন্তব্য করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোসেন বলেন, ১৯৭৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন ঘটনা মূলত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের ধারাবাহিকতার সঙ্গে সম্পৃক্ত।

মুখ্য আলোচক সহযোগী অধ্যাপক ইমতিয়াজ তানভীর ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। এ সময়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবদান স্মরণ করার পাশাপাশি তিনি ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গও উল্লেখ করেন। বাংলা সাহিত্যের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা একটি নাটকের প্রসঙ্গ টেনে তিনি তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও ঐতিহাসিক ঘটনাবলি তুলে ধরেন। এ ছাড়া শেখ মুজিবুর রহমানের শাসনামলের রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগ সরকারের শাসনব্যবস্থার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তিনি।

সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং ছাত্ররাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি হয়।

Link copied!