প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১১:০২ এএম
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) জিওলজি (ভূতত্ত্ব) বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের প্রভাষক ওয়াহিদা আক্তার। আগামী তিন বছরের জন্য তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী শিক্ষক বিভাগীয় চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন।
গত ৫ নভেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারোয়ার জাহানের স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, জাবিপ্রবি আইনের প্রথম সংবিধির ধারা ৪-এর উপধারা (২) এবং (২)(খ) অনুসারে ওয়াহিদা আক্তারকে এ প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, তাঁর যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী নির্ধারিত ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি বর্তমান চেয়ারম্যানের কাছ থেকে দ্রুত দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
শিক্ষকতা পেশায় আসার আগে ওয়াহিদা আক্তার দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি সহকারী ব্যবস্থাপক হিসেবে পেট্রোবাংলার বাপেক্সে, সহকারী পরিচালক হিসেবে বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে (জিএসবি) এবং সহকারী পরিচালক হিসেবে পরিবেশ মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে ওয়াহিদা আক্তার বলেন, "বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের, গর্বের এবং একই সঙ্গে বড় একটি দায়িত্বের বিষয়। আমি এই দায়িত্বকে শুধু একটি পদ বা সম্মান হিসেবে দেখি না, বরং বিভাগের উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার একটি সুযোগ হিসেবে বিবেচনা করি। সেই সাথে নাজমুল হোসেন স্যারকে বিভাগ ও আমার ব্যাক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই নতুন বিভাগের ভিত্তি দাঁড় করিয়ে দেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ।"
শিক্ষার্থীদের নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি আরও বলেন, "আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো, আমার শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যেন তারা এই তীব্র প্রতিযোগিতামূলক বিশ্বে আত্মবিশ্বাসের সঙ্গে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সেটা হোক জিওলজিক্যাল সেক্টরে চাকরি, বিসিএস কিংবা দেশ-বিদেশের উচ্চশিক্ষা ও গবেষণা। আমি চাই, আমাদের শিক্ষার্থীরা প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখুক।"
উল্লেখ্য, ওয়াহিদা আক্তার জিওলজি বিভাগের প্রথম শিক্ষক এবং বিভাগটির শিক্ষক হিসেবে তিনিই প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পেলেন। তাঁর আগে বিভাগ প্রতিষ্ঠার শুরু থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হোসেন, যিনি সম্প্রতি দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন।
