শনিবার ০৭, নভেম্বর ২০২৬

শনিবার ০৭, নভেম্বর ২০২৬ -- : -- --

গণিত অলিম্পিয়াডে বেরোবির পাঁচ শিক্ষার্থীর বাজিমাত

তারেক পাশার সৌরভ,বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬-এর দিনাজপুর অঞ্চলের প্রতিযোগিতায় সেরা ১০ জনের মধ্যে স্থান করে নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পাঁচ শিক্ষার্থী। বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের এমন সাফল্যে বিশ্ববিদ্যালয়জুড়ে আনন্দের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দেশের আটটি অঞ্চলে একযোগে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে মেধা, দক্ষতা ও গাণিতিক সমস্যা সমাধানের সক্ষমতার স্বাক্ষর রাখেন বেরোবির শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় সেরা ১০ জনের মধ্যে বিশ্ববিদ্যালয়টির পাঁচ শিক্ষার্থী নির্বাচিত হন। নির্বাচিত বিজয়ীরা আগামী ৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবেন।

শিক্ষার্থীদের এ সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, জাতীয় পর্যায়ের একটি মর্যাদাপূর্ণ গণিত অলিম্পিয়াডে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সেরা ১০-এর মধ্যে স্থান করে নেওয়া অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। এ অর্জন তাঁদের মেধা, অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি।

তিনি বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায়ও তাঁরা নিজেদের মেধার স্বাক্ষর রাখবেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা আরও সমুন্নত করবেন।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা ও মেধার বিকাশে সবসময় উৎসাহ ও সহযোগিতা প্রদান করে আসছে।

Link copied!