রবিবার ২৫, অক্টোবর ২০২৬

রবিবার ২৫, অক্টোবর ২০২৬ -- : -- --

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সং/ঘর্ষে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সং/ঘর্ষে গুরুতর আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মুনিরা আক্তার মারা গেছেন। শনিবার (২৪ অক্টোবর) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃ/ত্যু হয়। এ দুর্ঘটনায় মুনিরাসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মুনিরা বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। শনিবার রাতে এক  বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করে বিভাগের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন।

খোঁজ নিয়ে জানা যায়, মুনিরা আক্তার দিনাজপুরে নিজ বাসা থেকে সিলেটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুনায়েদ জানান, শনিবার সকাল  ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মুনিরা। পরে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।

মুনিরা আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। এ ছাড়া তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও বন্ধুবান্ধবরা। তাঁর অকালমৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!