বুধবার ০৫, আগস্ট ২০২৬

বুধবার ০৫, আগস্ট ২০২৬ -- : -- --

বেরোবিতে বিজ্ঞান অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৬:৫৫ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ গবেষণা প্রকল্পের আওতায় বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত বিভাগের দ্বিতীয় সেমিনার আজ সোমবার (০৩ আগস্ট, ২০২৬) সকালে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে একাডেমিক ভবন-২-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এই সেমিনার সম্পন্ন হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষণার গুরুত্ব ও বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, গবেষকদের গবেষণা কর্ম যেন আরও সুষ্ঠু, ফলপ্রসূ এবং সুন্দরভাবে সম্পন্ন হতে পারে, সেই লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ ও পরিধি বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‍্যাংকিং বৃদ্ধিতে শিক্ষক-গবেষকদের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে শীর্ষ র‍্যাংকিংয়ে নিয়ে যেতে ওয়েবসাইটে শিক্ষকদের প্রোফাইল, প্রকাশনা ও কাজের ক্ষেত্রসমূহ নিয়মিত আপডেট রাখা জরুরি।

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বিজন মোহন চাকী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. আজহার আলী।

সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরবৃন্দ বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য হিসেবে অংশ নিয়ে গবেষণা প্রস্তাবনাগুলোর ওপর তাদের মূল্যবান মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন। বেরোবি বিজ্ঞান অনুষদের বিভাগের শিক্ষকবৃন্দ সেমিনারে উপস্থিত থেকে নিজ নিজ গবেষণা প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা উপস্থাপন করেন। সেমিনারে গবেষণা কার্যক্রমকে আরও কার্যকর ও সময়োপযোগী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। 

Link copied!