বুধবার ০৫, আগস্ট ২০২৬

বুধবার ০৫, আগস্ট ২০২৬ -- : -- --

১৪ শিক্ষার্থী পেল কুবির স্পোর্টস স্কলারশিপ

কুবি থেকে আহসান হাবিব রাফি

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৭:৫৯ পিএম

স্পোর্টস স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন শিক্ষাবর্ষের ১৪ জন শিক্ষার্থীকে ‘স্পোর্টস স্কলারশিপ’ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় স্পোর্টস কমপ্লেক্সে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘স্পোর্টস স্কলারশিপ ২০২৫-২৬’ বর্ষে ছয়টি ইভেন্টে ছেলে ও মেয়েদের মিলিয়ে মোট ১৪ জনকে স্কলারশিপের জন্য মনোনীত করা হয়। প্রতি ইভেন্ট থেকে দুইজন করে শিক্ষার্থীকে স্কলারশিপের জন্য মনোনীত করা হলেও ফুটবল ও ভলিবল (ছেলে) ইভেন্ট থেকে তিনজন করে শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

শারীরিক শিক্ষা কার্যালয়ের উপপরিচালক মবিরুল আলমের সঞ্চালনায় এবং ক্রীড়া পরিচালনা কমিটির পরিচালক সহযোগী অধ্যাপক ড. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, “আজ যে বৃত্তি প্রদান করা হয়েছে; তা নিষ্ঠা, পরিশ্রম, দায়িত্ববোধ এবং কর্মদক্ষতার স্বীকৃতি। কাজের পারফরম্যান্সের ভিত্তিতে যখন মূল্যায়ন করা হয়, তখন সেই স্বীকৃতি আরও বেশি অর্থবহ হয়ে ওঠে। এই পুরস্কার প্রমাণ করে যে আপনারা ধারাবাহিক প্রচেষ্টা করেছেন।”

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়। এটি সুস্থ ও সুন্দর জীবনের অপরিহার্য অংশ। নিয়মিত খেলাধুলা মানুষের মানসিক প্রশান্তি এনে দেয়, কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং দৈনন্দিন জীবনে ইতিবাচক শক্তি যোগায়। খেলাধুলা আমাদের আনন্দময় রাখে, মানসিক চাপ কমায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে এটি পড়াশোনায় মনোযোগ, স্মৃতিশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলায় পারদর্শী হলে জব সেক্টরে এগিয়ে থাকা সম্ভব।”

সভাপতির বক্তব্যে ক্রীড়া পরিচালনা কমিটির পরিচালক সহযোগী অধ্যাপক ড. মহিউদ্দিন বলেন, “খেলাধুলা শুধু নেতৃত্বই তৈরী করে না। তরুণ সমাজকে মাদকাসক্তির মতো ভয়াবহ অভিশাপ থেকে দূরে রাখে। যারা নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে, তারা অবসর সময়কে ইতিবাচক কাজে ব্যয় করে। এতে খারাপ সঙ্গ, অপরাধ ও মাদকের প্রতি আকর্ষণ কমে যায়।”

Link copied!