বুধবার ০৫, আগস্ট ২০২৬

বুধবার ০৫, আগস্ট ২০২৬ -- : -- --

মানারাতে ভিজুয়াল মিডিয়া প্রোডাকশনবিষয়ক সেমিনার

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৬:১৩ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

আমার খুব ইচ্ছে ছিল আবরার ফাহাদকে নিয়ে সিনেমা বানাব, কিন্তু পারিনি,এমন মন্তব্য করেছেন বাংলাদেশের জনপ্রিয় নাট্যপরিচালক, চিত্রনাট্যকার ও নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। সোমবার (৩ আগস্ট) রাজধানীর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজিত 'ভিজুয়াল মিডিয়া প্রোডাকশন: ফ্রম আইডিয়া টু এক্সিকিউশন' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

নিজের নির্মাণ পরিকল্পনা প্রসঙ্গে বান্নাহ বলেন, আবরার ফাহাদকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের দীর্ঘদিনের ইচ্ছা থাকলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে বর্তমানে শরীফ ওসমান হাদিকে নিয়ে একটি কাজ চলছে বলেও জানান তিনি। এ সময় তিনি মন্তব্য করেন, "এ যাবৎকালের রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি আন্ডারস্ট্যান্ডিং ছিল ওসমান হাদির।"

আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, "আমি ইতোমধ্যেই রাজনীতিতে আছি।" তাঁর ভাষ্য, একজন নির্মাতার কাজও এক ধরনের রাজনৈতিক অবস্থান প্রকাশ করে।

জুলাই আন্দোলন নিয়ে চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে বান্নাহ বলেন, "মোস্তফা সরয়ার ফারুকী আটটি সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত একটি সিনেমাও বানাননি।"

ওটিটি প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তিন মাস বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে ঘুরেও তিনি জুলাই আন্দোলন নিয়ে কোনো কাজের সুযোগ পাননি।

জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা প্রসঙ্গে বান্নাহ বলেন, "জুলাইয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৪২ জন শহীদ আছেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শহীদের সংখ্যা বেশি।"
সেমিনারে উপস্থিত ছিলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান রফিকুজ্জামান রুমানসহ বিভাগের অন্যান্য শিক্ষক। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সেমিনারে অংশ নেন।

Link copied!