রবিবার ০৫, জুলাই ২০২৬

রবিবার ০৫, জুলাই ২০২৬ -- : -- --

বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক আর নেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ০৮:৫৩ পিএম

বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক

বাংলা একাডেমির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (৫ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম গণমাধ্যমকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, “বেলা আড়াইটা থেকে তিনটার মধ্যে মিরপুর-১ নম্বরের একটি রেস্তোরাঁয় স্যার খেতে গিয়েছিলেন। সেখানে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যতদূর শুনেছি, হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের জন্ম ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। একসময় বিভাগটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্র সম্পাদনার পাশাপাশি বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজভাবনা নিয়ে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।

তাঁর রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’ এবং ‘সংস্কৃতির সহজ কথা’। এ ছাড়া তাঁর ২০টির বেশি বই প্রকাশিত হয়েছে। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’ এবং *‘স্বদেশচিন্তা’*সহ একাধিক গ্রন্থ।

সাহিত্য, ভাষা ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।

Link copied!