প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৮:৩৪ পিএম
দেশের প্রখ্যাত চিত্রশিল্পী, নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন হাসপাতালে ভর্তি হন বরেণ্য এই শিল্পী। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় কয়েক দিন আগে ভেন্টিলেটরের সহায়তা সরিয়ে নেওয়া হলেও পরবর্তীতে শারীরিক জটিলতা বাড়ায় আবারও ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা ব্যর্থ করে মৃত্যুবরণ করেন তিনি।
এর আগে তার স্ত্রী মেরী মনোয়ার জানিয়েছিলেন, ফুসফুসে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন।
১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক নিবাস ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।
দীর্ঘ কর্মজীবনে চিত্রকলার পাশাপাশি শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুস্তাফা মনোয়ার। বাংলাদেশের পাপেট শিল্পের বিকাশেও তার অবদান ছিল উল্লেখযোগ্য। শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।
