প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৯:৪৮ পিএম
“রক্তিম ধরা শুচি হোক সংস্কৃতির শুদ্ধতায়” প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে আগামী ১৩ থেকে ১৬ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে চার দিনব্যাপী ‘নাট্য পার্বণ ২০২৬’।
মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির দপ্তর সম্পাদক প্রিয়াংকা কর্মকার।
দপ্তর সম্পাদক বলেন, “বর্তমান বিশ্বে যুদ্ধ, সহিংসতা, বিভাজন ও মানবিক বিপর্যয়ের নির্মম বাস্তবতার বিপরীতে সংস্কৃতির শক্তিকে মানবতার অন্যতম আশ্রয় হিসেবে তুলে ধরার প্রত্যয় থেকেই এবারের নাট্য পার্বণের আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “শিল্প, নাটক ও সংস্কৃতির মাধ্যমে মানবিক চেতনা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। চারদিনব্যাপী এই আয়োজনে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, নাট্য প্রদর্শনী, পুনর্মিলনী এবং চলচ্চিত্র প্রদর্শনী।”
আয়োজকেরা জানান, প্রতিদিন সন্ধ্যা সাতটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে নাট্য পার্বণের বিভিন্ন আয়োজন। ১৩ মে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে এ আয়োজন। ১৪ মে মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত নাটক “বিধিবাম” এবং ১৫ মে পদাতিক নাট্য সংসদ প্রযোজিত নাটক “পাকে বিপাকে”।
সমাপনী দিনে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী ও চলচ্চিত্র প্রদর্শনী। এদিন প্রদর্শিত হবে মঈন উদ্দীন পাঠান পরিচালিত “সিটি অফ ডেথ”।
এ আয়োজনে সংস্কৃতিপ্রেমী দর্শক, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।
