প্রকাশিত: ১১ মে ২০২৬, ১১:৫৫ পিএম
নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’। সারা দেশের সঙ্গে মিল রেখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও (বেরোবি) কেক কেটে উদযাপন করা হয়েছে গণমাধ্যমটির উদ্বোধন।
সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে এশিয়া পোস্টের সফলতা কামনা করেন। তারা বলেন, নতুন এই গণমাধ্যমটি সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
এআইএস বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক উমর ফারুক বলেন, "এশিয়া পোস্ট অসাম্প্রদায়িক চেতনার কথা বলবে, বাংলাদেশের কথা বলবে, মুক্তিযুদ্ধের কথা বলবে, সর্বোপরি বিশ্বের যে কোনো প্রান্তের সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ এশিয়া পোস্ট তুলে ধরবে আমরা এই ভরসা রাখি। এশিয়া পোস্টের কাছে আমাদের প্রত্যাশা, যে স্বপ্ন নিয়ে পাঠকরা অপেক্ষা করছে, সেই স্বপ্নই হয়তো পূরণ করবে।"
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বলেন, "এশিয়া পোস্ট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এশিয়া পোস্টের এই উদ্বোধনের ঐতিহাসিক প্রেক্ষাপটের আমি অংশীদার হতে পেরেছি, এজন্য আমি কৃতজ্ঞতা পোষণ করছি। এশিয়া পোস্ট বাংলাদেশের জনমানুষের, সর্বোপরি সকলের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে এই প্রত্যাশা করছি।"
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. ইলিয়াছ প্রামাণিক বলেন, "বিশ্ববিদ্যালয়ের সংকটাপন্ন লগ্নে সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আমাদের বিশ্ববিদ্যালয়কে সঠিক পথে পরিচালনা করার জন্য বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রকৃত চিত্র জাতির সামনে তুলে ধরবে এশিয়া পোস্টের নিকট এই প্রত্যাশা করি। আমরা বিভিন্ন সংবাদমাধ্যমে লক্ষ মিথ্যা কিংবা অসত্য তথ্যের মাধ্যমে আমাদের ক্যাম্পাসের ইমেজ নষ্ট করে, সেক্ষেত্রে এশিয়া পোস্ট সত্য তথ্য তুলে ধরে মোকাবেলা করবে বলে আমরা আশা করছি।"
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, "এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রায় আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা রইল। আমরা আশা করি, গণমাধ্যমটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে ন্যায় ও সত্যের পক্ষে সোচ্চার থাকবে। সমাজের অন্যায়, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সংবাদমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জায়গা থেকে এশিয়া পোস্ট সমাজের দর্পণ হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।"
তিনি আরও বলেন, "এশিয়া পোস্টের এই অগ্রযাত্রা যেন নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলে এবং উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে। দেশ ও জাতির কল্যাণে গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা। এশিয়া পোস্ট পরিবারের সকল সদস্যের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।"
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রার, ছাত্র উপদেষ্টা, শিক্ষক-কর্মকর্তা, জনসংযোগ কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
