প্রকাশিত: ১১ মে ২০২৬, ১১:৪৮ পিএম
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম সামার-২৬’।সোমবার (১১ মে) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা জাহিদ হাসান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম.আর. কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।
এছাড়া ভিডিও বার্তার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের স্বাগত ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্সের আয়োজনে অনুষ্ঠিত ক্লাব রিক্রুটমেন্ট কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব অংশ নেয়, যেখানে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ অনুযায়ী ক্লাবে যুক্ত হওয়ার সুযোগ পান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পাঁচটি অনুষদের সফল অ্যালামনাইদের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় পর্ব। সেখানে বক্তারা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার এবং কৃতী শিক্ষার্থীদের মেধা সম্মাননা প্রদান করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এ আয়োজন নবীনদের নতুন পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা যোগাবে।
