বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬

বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ -- : -- --

প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারীকরণ করা হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৭:১০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে নারী শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়ন জোরদারে প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারীকরণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান সরকার নারী শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এ লক্ষ্যে দেশের সব উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।”

তিনি আরও উল্লেখ করেন, নওগাঁর মান্দা উপজেলাধীন ‘মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ’-সহ দেশের অন্যান্য উপজেলার উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারিকরণের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় রয়েছে।

বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী জানান, বর্তমান নীতিমালা এবং প্রয়োজনীয় আর্থিক সংস্থান বিবেচনা করে পর্যায়ক্রমে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে তৃণমূল পর্যায়ে নারী শিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং শিক্ষায় সমতা নিশ্চিত হবে।

Link copied!