প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ব্যুরো অব বিজনেস রিসার্চের উদ্যোগে চবির কর্মকর্তাদের জন্য দুই সপ্তাহব্যাপী ‘প্রফেশনাল এক্সিলেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম ২০২৬’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী দিনে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠান আজ রবিবার (৮ মার্চ ২০২৬) বেলা ১২.৩০টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ব্যুরো অব বিজনেস রিসার্চের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবদুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যুরো অব বিজনেস রিসার্চের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আলী আরশাদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, প্রশিক্ষণ হচ্ছে চলমান প্রক্রিয়া। সার্বক্ষণিক আমরা প্রশিক্ষণের মধ্যে রয়েছি অর্থাৎ নতুন কিছু শিখছি। এখন সময় পরিবর্তন হয়েছে। বর্তমানে তথ্য প্রযুক্তি ও এআইয়ের যুগ। এজন্য যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং পেশাদারিত্ব বজায় রাখতে এ ধরনের সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচি অত্যন্ত সহায়ক। কর্মকর্তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কর্মীরা কাজে লাগাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, কর্মকর্তারা দক্ষ, জ্ঞানী হলে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। এজন্য কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়কে নিজের প্রতিষ্ঠান মনে করতে হবে। নিজের প্রতিষ্ঠান মনে করে কাজ করলে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। তিনি অর্জিত জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান।
উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশীজন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আধুনিক সেবা প্রদানের ক্ষেত্রে কর্মকর্তাদের ভূমিকা রয়েছে। এজন্য এ প্রশিক্ষণ যেন শুধুমাত্র প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ না থাকে। অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে হবে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণে সেরা পারফর্ম ৬ জনকে পুরস্কার তুলে দেন উপাচার্য ও উপ-উপাচার্য।
এসময় বক্তব্য রাখেন চবি হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন ও মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহম্মদ আলমগীর। এসময় আরও উপস্থিত ছিলেন চবি প্রক্টর ও মার্কেটিং বিভাগের প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী ও ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি মো. আবু বকর সিদ্দিকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
