প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ১১:০১ পিএম
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা জানেন, ফোনের গ্যালারি থেকে ছবি বা ভিডিও পাঠালে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ফাইল কমপ্রেস করে। ফলে বড় ফাইলের আসল মান হারিয়ে যায়। কিন্তু বড় রেজল্যুশনের ছবি বা ভিডিও প্রেরণ করা চাইলে কিছু সহজ কৌশল অবলম্বন করা সম্ভব। চলুন দেখে নিই কীভাবে পাঠানো যায় মূল রেজল্যুশনে—
১. ডকুমেন্ট আকারে পাঠানো
সরাসরি ছবি বা ভিডিও পাঠালে হোয়াটসঅ্যাপ ফাইল কমপ্রেস করে। তবে ডকুমেন্ট অপশন ব্যবহার করলে আসল রেজল্যুশন অক্ষুণ্ন থাকে। এজন্য চ্যাট খুলে ক্লিপ আইকনে ট্যাপ করুন, ডকুমেন্ট অপশন নির্বাচন করুন এবং ফোন থেকে ফাইল বাছাই করে পাঠান। দুই গিগাবাইট পর্যন্ত বড় ফাইল, প্রেজেন্টেশন বা ভিডিওও পাঠানো যায়।
২. গুগল ড্রাইভে আপলোড ও লিংক শেয়ার করা
দুই গিগাবাইটের চেয়ে বড় ফাইল পাঠানোর জন্য গুগল ড্রাইভ কার্যকর। প্রথমে ফাইল ড্রাইভে আপলোড করুন। এরপর শেয়ার অপশন থেকে ‘Anyone can view’ চালু করে লিংক কপি করুন। এই লিংক হোয়াটসঅ্যাপে পাঠালে প্রাপক মূল মানে ফাইল ডাউনলোড করতে পারবেন।
৩. অনলাইন ফাইল ট্রান্সফার প্ল্যাটফর্ম
WeTransfer-এর মতো সেবা বড় ফাইলের ক্ষেত্রে সহজ। এখানে অ্যাকাউন্টের প্রয়োজন নেই। ফাইল আপলোড করলে একটি ডাউনলোড লিংক পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে লিংক পাঠালে প্রাপক মূল রেজল্যুশনে ফাইল ডাউনলোড করতে পারবেন।
৪. জিপ বা রার ফাইল তৈরি করা
একাধিক ছবি বা ভিডিও একসাথে পাঠাতে জিপ/রার ফরম্যাট ব্যবহার করুন। একটি জিপ/রার অ্যাপ দিয়ে ফাইল একত্র করে সংরক্ষণ করুন। হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট হিসেবে পাঠালে ফাইল কমপ্রেশন হয় না। ফলে বড় ফোল্ডার, ছবি বা নথি নিরাপদে পাঠানো যায়।
