মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬

মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

মেস থেকে জবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম

ফাইল ফটো

রাজধানীর সূত্রাপুর থানার কলতাবাজার এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম রাকিবা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কলতাবাজার পানির পাম্প সংলগ্ন একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাকিবার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায় বলে জানা গেছে। 

সূত্রাপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাত আনুমানিক ১০টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, “এ মুহূর্তে ঘটনার বিস্তারিত জানা যায়নি। লাশের সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।” 

স্থানীয়দের প্রাথমিক ধারণা, রাকিবা আত্মহত্যা করেছেন। তবে মেসের অন্য সদস্যরা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি। 

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে রাকিবার সঙ্গে সর্বশেষ কথা হয় তার মায়ের। তখন তিনি মেসে একাই ছিলেন এবং মাকে জানান যে তার শরীর ভালো নেই, পরে কথা বলবেন। এরপর আর পরিবারের কারও সঙ্গে তার যোগাযোগ হয়নি। আজ রাকিবার মা বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হলে বিষয়টি তার বান্ধবীদের জানান। পরে বান্ধবীরা মেসে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা রাকিবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। 

এছাড়া জানা গেছে, রাকিবার আগামীকাল গ্রামের বাড়ি যাওয়ার টিকিটও কাটা ছিল। এসব তথ্য নিশ্চিত করেছেন রাকিবার আপন ছোট ভাই নাঈম হোসেন।

Link copied!