প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ এলাকায় গিয়ে ভোট প্রদান করতে পারে সেই লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সকল পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়টি। আগামী মঙ্গলবারের (১০ ফেব্রুয়ারি) স্থগিত হওয়া সকল পরীক্ষার নতুন সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত ও উপাদানকল্পে পরিচালিত সকল কলেজ-ইনস্টিটিউটের পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চৌধুরীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
এতে বলা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিতির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১০ ফেব্রুয়ারির পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট এর প্রস্তাব মোতাবেক যথাসময়ে ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধিভুক্ত/উপাদানকল্প কলেজ/ইনস্টিটিউট এর পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
